"ফুলকপির পরোটা" রেসিপি।(Gobi Ka Paratha Recipe In Bengali):

 নমস্কার বন্ধুরা। আশাকরি সকলে খুব ভালো আছেন? রান্না গুঞ্জনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব "ফুলকপির পরোটা" রেসিপি। এই শীতের মরসুমে বাজারে প্রচুর টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে। বাড়িতে একদিন এভাবে "ফুলকপি দিয়ে পরোটা" বানিয়ে ফেলুন। শীতের সকালে দই, আচার ও মাখন সহযোগে গরম গরম "ফুলকপির পরোটা" একদিন খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তাই দেরি না করে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি।

"ফুলকপির পরোটা" রেসিপি।(Gobi Ka Paratha Recipe In Bengali):


ফুলকপির পরোটা" রেসিপি।

দেখে নেব "ফুলকপির পরোটা" রেসিপির জন্য আমাদের কী কী উপকরণ লাগছে:

  • ফুলকপি - ১ টা মাঝারি সাইজের 
  • আটা - ৩০০ গ্রাম 
  • আদা কুচি - ২ চা চামচ 
  • কাঁচা লঙ্কা কুচি - ৪-৫ টি
  • ধনেপাতা কুচি - একমুঠো 
  • আজোয়ান - ১ চা চামচ 
  • গোটা জিরে - ১ চা চামচ 
  • হলুদ গুড়ো -১ চা চামচ 
  • হিং - এক চিমটি 
  • ঘি বা তেল - পরিমান মতো 
  • চিনি - ১/২ চা চামচ 
  • লবন - স্বাদমতো


আরও পড়ুন:👉রেস্তোরাঁর মতো খাস্তা ও সুস্বাদু লাচ্ছা পরোটা রেসিপি

এবার দেখে নেওয়া যাক রান্নার প্রস্তুতি পর্ব:

১. প্রথমে ফুলকপির শুধু ফুলগুলো কেটে ধুয়ে নিন। এবার একটি বড়ো গ্রেটারে গ্রেট করে লবন মাখিয়ে রাখুন। কিছু সময় পর ফুলকপি থেকে জল চেপে বের করে আলাদা রেখে দিন। 

২. অপরদিকে একটি পাত্রে আটা, আজোয়ান, স্বাদমতো লবন ও এক চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ফুলকপি থেকে যে জল বের হয়েছে সেটা দিয়ে আটা ভালোভাবে বেশ সময় নিয়ে মেখে নিন। প্রয়োজনে অল্প জল দিন। আটা এমন ভাবে মাখতে হবে যাতে না খুব নরম হবে আর না খুব শক্ত হবে। আটা মাখা হলে বড়ো বড়ো সাইজের লেচি করে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। 

 ৩. অন্য দিকে একটি কড়াইয়ে ২ চা চামচ ঘি বা তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আদা ও লঙ্কা কুচি দিয়ে নেড়েচেড়ে হলুদ গুড়ো দিন। এবার গ্রেট করা ফুলকপি দিয়ে হাই আঁচে ভালোভাবে কষিয়ে নিন। সবশেষে ধনেপাতা ও ১/২ চা চামচ চিনি দিয়ে নামিয়ে নিন। 

 ৪. এবার একটি করে আটার লেচি নিয়ে প্রথমে একটা বাটির মতো তৈরি করুন। ওই বাটির মধ্যে ২- ৩ চামচ ফুলকপির পুর ভরে ভালো ভাবে মুখ বন্ধ করে গোল লেচি তৈরি করে নিন। এবার পুরভরা আটার লেচিটি অল্প শুকনো আটা ছড়িয়ে হালকা হাতে একটু মোটা করে বেলে নিন। মনে রাখবেন খুব বেশি চেপে বেলা যাবে না তাহলে পুর বাইরে বেরিয়ে যাবে আর পরোটা ভালো ভাবে ভাজা যাবে না। 

৫. এভাবে প্রতিটি পরোটা তৈরি করে নিন। এবার একটি চাটু গরম করে একটি করে পরোটা দিন। প্রথমে ২ মিনিট পরোটার দুপাশ সেঁকে নিয়ে তারপর ঘি বা তেলে ভেজে নিন। আঁচ মাঝারি থাকবে। 

গরম গরম "ফুলকপির পরোটা" পরিবেশন করুন আচার, দই ও মাখন সহযোগে।


আরও পড়ুন:👉বাঙালি স্টাইলে পারফেক্ট আলুর পরোটা রেসিপি

দেখে নিন রেসিপি নিয়ে কিছু প্রয়োজনীয় টিপস:

১. ফুলকপি গ্রেট করে লবন মাখিয়ে রাখলে সফট্ হবে এবং পরোটা বেলার সময় বাইরে বেরিয়ে যাবে না। 

২. আটা মাখার সময় ঘি ব্যবহার করলে পরোটা সুস্বাদু ও খাস্তা হয়। 

৩. পরোটা ভাজা ও পুর তৈরির সময় ঘি অপছন্দ হলে তেল ব্যবহার করতে পারেন। 

৪. আটা মাখার সময় একটু সময় বেশি নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখলে পরোটা নরম হবে। 


উপসংহার:

"ফুলকপির পরোটা" বানানো যেমনই সহজ তেমনই সুস্বাদু। শীতের টাটকা ফুলকপি দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের এই পরোটা। আশারাখি একবার যে এই পরোটা খাবে সে বারবার অনুরোধ করবে এটি বানানোর জন্য। ওপরে রেসিপি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 আজ তাহলে এই পর্যন্ত। আবার আগামীকাল নতুন একটি রেসিপি নিয়ে হাজির হবো। নমস্কার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org