"এচোড় চিংড়ি" রেসিপি। মাংসের স্বাদে।(Raw Jackfruit Carry With Prawns In Bengali):
নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? রান্না গুঞ্জনে আজও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব "এচোড় চিংড়ি" রেসিপি। এচোড় আমরা অনেকে অনেক রকম ভাবে খেয়ে থাকি যেমন - নিরামিষ এচোড়ের কালিয়া, এচোড়ের কোপ্তা কারি, এচোড়ের কাটলেট, এমনকি এচোড় দিয়ে সুন্দর বিরিয়ানীও তৈরি করা যায়। তবে আজ আমি "চিংড়ি মাছ দিয়ে এচোড়" রান্না করে দেখাবো। এভাবে রান্না করলে সকলে মাংস ফেলে এই "এচোড় চিংড়ি" আগে খাবে। তাহলে আর বেশি কথা না বলে চলুন রেসিপিটি শুরু করি।
"এচোড় চিংড়ি" রেসিপি। মাংসের স্বাদে।(Raw Jackfruit Carry With Prawns In Bengali):
"এচোড় চিংড়ি" রেসিপির জন্য আমাদের যা যা উপকরণ লাগছে:
- এচোড় - ৬০০ গ্রাম (মাঝারি ডুমো করে কাটা)
- চিংড়ি মাছ - ৩০০ গ্রাম (মাঝারি সাইজের)
- আলু - ৩ টি মাঝারি সাইজের(মাঝারি ডুমো করে কাটা)
- পেঁয়াজ কুচি - ৩ টি মাঝারি সাইজের
- টমেটো পেস্ট - ১ টা বড়ো সাইজের
- আদা ও রসুন বাটা - ১ চা চামচ করে
- কাঁচা লঙ্কা বাটা - ৪ টি
- হলুদ গুড়ো - ১ চা চামচ
- শুকনো লঙ্কা গুড়ো - ১/২ চা চামচ
- জিরে ও ধনে ভেজে গুড়ো করা - ২ চা চামচ
- গোটা জিরে - ১/২ চা চামচ
- তেজপাতা ও দারচিনি - ২ টি করে
- এলাচ ও লবঙ্গ - ৩ টি করে
- সরষের তেল - ১০০ মিলি
- লবন - স্বাদমতো
- চিনি - ১/২ চা চামচ (ঐচ্ছিক)
- গরম মশলা গুড়ো - ১/২ চা চামচ
- ঘি - ১/২ চা চামচ
আরও পড়ুন:👉 পুইশাক চিংড়ি মাছের রেসিপি"। অসাধারণ স্বাদে।
এবার দেখে নিন রান্নার প্রণালী:
১. প্রথমে আলু ও এচোড় সামান্য লবন ও হলুদ দিয়ে আধ সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন। এবার একটি কড়াইয়ে তেল গরম করে আলু ও এচোড় ভেজে তুলে নিন। এরপর চিংড়ি মাছ ভেজে তুলে রাখুন।
২. ওই তেলে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ একটু ভেজে নিয়ে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এরসাথে দিয়ে দিন স্বাদমতো লবন, ১/২ চা চামচ চিনি, হলুদ ও লঙ্কা গুড়ো এবং ভাজা মশলার গুড়ো ১ চা চামচ। সামান্য জল দিয়ে মশলা একটু কষিয়ে নিন। এবার টমেটো পেস্ট দিন এবং মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলা কষতে থাকুন।
৩. মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাজা আলু, এচোড় ও চিংড়ি মাছ দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দিন। এতে মশলা পুড়ে যাবে না। এবার ঝোলের জন্য পরিমান মতো গরম জল দিন। এই রেসিপিটি খুব বেশি ঝোল হবে না তাই জল অল্প পরিমান দিতে হবে।
৪. ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে ৫-৭ মিনিট কম আঁচে রান্না করুন। সব শেষে ১ চা চামচ ভাজা মশলার গুড়ো, ১/২ চা চামচ গরম মশলা গুড়ো ও ১/২ চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন। তারপর পরিবেশন করুন।
গরম ভাত, রাইস কিংবা পোলাও-য়ের সাথে পরিবেশন করুন "এচোড় চিংড়ি" রেসিপি।
আরও পড়ুন:👉লাউ চিংড়ি" রেসিপি।
দেখে নিন "এচোড় চিংড়ি" রেসিপি নিয়ে কিছু প্রয়োজনীয় টিপস:
১. এচোড় সেদ্ধ করার সময় লবন-হলুদের সাথে এক চামচ ভিনিগার বা লেবুর রস দিলে এচোড় বা পাত্রের গায়ে কষের দাগ ধরবে না।
২. চিংড়ি মাছ পরিষ্কার করার সময় অবশ্যই পিঠের ওপর দিকে কালো সুতোর মতো ময়লাটা বের করে ফেলে দেবেন।
৩. তেল ও ঝালের পরিমান নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন।
"এচোড় চিংড়ি" রেসিপির "এচোড় ও চিংড়ি মাছের" কী কী উপকারিতা রয়েছে দেখে নিন:
১. এচোড়ে কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় অনেক সময় পেট ভরা থাকে এবং ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি, বি৬, অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রন যা আমাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ত শুন্যতা কমায়।
২. চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমান প্রোটিন, ভিটামিন বি-১২, আয়রন, আয়োডিন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট ও সেলেনিয়াম যা আমাদের শরীর গঠন করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুল ভালো রাখে।
উপসংহার:
"এচোড় চিংড়ি" রেসিপি শুধু সুস্বাদুই নয় এটি পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে আয়রন, প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান। আবার অতিরিক্ত এচোড় খেলে পেটের সমস্যা হতে পারে। তাই সঠিক তেল-মশলা ও পরিমিত পরিমাণে গ্রহণ করলে এটি আমাদের শরীরে পুষ্টির চাহিদা মেটাতে পারে।
আজ এখানেই শেষ করলাম আবার আগামীকাল কথা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। শুভ বিদায়।

