বিয়েবাড়ি স্টাইলে "দই কাতলা" রেসিপি(Doi Katla Recipe In Bengali):
আজ আমি শেয়ার করব একদম বিয়েবাড়ি স্টাইলে "দই কাতলা" রেসিপি। একদম বিয়েবাড়ি স্টাইলে "দই কাতলা" বানাতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ফলো করুন এবং বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আশাকরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। জেনে নিন উপকরণ, প্রণালী সহ বিভিন্ন টিপস।
বিয়েবাড়ি স্টাইলে "দই কাতলা" রেসিপি(Doi Katla Recipe In Bengali):
"দই কাতলা" রেসিপির প্রয়োজনীয় উপকরণ:
- কাতলা মাছ - ৪০০ গ্রাম
- টক দই - ২৫০ গ্রাম
- পেঁয়াজ কুচি - ১ টি বড়ো সাইজের
- পেঁয়াজ বাটা -১ টি বড়ো সাইজের
- আদা বাটা - ১ চা চামচ
- রসুন বাটা - ১/২ চা চামচ
- কাঁচা লংকা বাটা - ১ চা চামচ
- হলুদ গুড়ো - ১/২ চা চামচ
- জিরে গুড়ো - ১ চা চামচ
- ধনে গুড়ো - ১ চা চামচ
- গোটা জিরে - ১/২ চা চামচ
- এলাচ,দারচিনি, লবঙ্গ,শুকনো লঙ্কা ও তেজপাতা - ২ টি করে
- মৌরি - ১ চা চামচ
- কাজুবাদাম - ১০ টি
- পোস্ত - ১ টেবিল চামচ
- লবন ও চিনি - স্বাদমতো
- সরষের তেল - ৫ টেবিল চামচ
- ধনেপাতা - একমুঠো
- চেরা কাঁচা লঙ্কা - ৩-৪ টি
- পেঁয়াজ বেরেস্তা - ১ টি মাঝারি সাইজের
আরও পড়ুন:👉বিক্রমপুরের জনপ্রিয় রেসিপি "পাবদা মাছের পানিকলা"
রান্নার প্রণালী:
প্রথমে মাছ ধুয়ে নুন-হলুদ ও সামান্য তেল মাখিয়ে রাখুন। একটি বাটিতে মৌরি, কাজু, পোস্ত একসাথে ভিজিয়ে রেখে দিন ১০ মিনিট।
একটি কড়াইয়ে তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে রাখুন।ওই তেলে গোটা জিরে, গোটা গরম মশলা,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজে সোনালি রং ধরলে পেঁয়াজ,আদা-রসুন ও কাঁচা লংকা বাটা দিয়ে দিন। পেঁয়াজ কষানো হতে হতে একটি ব্লেন্ডারে টকদই, মৌরি, পোস্ত ও কাজু দিয়ে একটি মসৃন পেস্ট তৈরি করে নিন।
পেঁয়াজ কিছুটা কষে এলে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিন। এরপর একে একে ধনে ও জিরে গুড়ো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন।
মশলা কষে তেল ছাড়তে শুরু করলে এরমধ্যে যোগ করুন স্বাদমতো লবন,চিনি ও এক কাপ গরম জল। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে রান্না করুন ১০ মিনিট।
সবশেষে ধনেপাতা,চেরা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত বা পোলাও -এর সাথে পরিবেশন করুন "দই কাতলা" রেসিপি।
আরও পড়ুন:👉ঠাকুর বাড়ির "কাতলা মাছের দুধ মৌলি" রেসিপি
রেসিপি নিয়ে কিছু টিপস :
- এই রেসিপিটি রুই মাছ দিয়েও তৈরি করা যায়।
- দই মশলার সাথে পেস্ট করে নিয়ে রান্নায় ব্যবহার করলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না।
- এই রান্নাটি দেখতে সাদা হয়। তবে কালারের জন্য চাইলে সামান্য হলুদ বা কাশ্মীরি লঙ্কা গুড়ো ব্যবহার করতে পারেন।
- পরিবেশনের সময় ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে।
"দই কাতলা" রেসিপির উপকারিতা:
- "দই কাতলা" রেসিপি একটি হালকা, পুষ্টিকর ও সুস্বাদু মাছের পদ।
- দইয়ের প্রাকৃতিক প্রোটিন, ক্যালসিয়াম ও প্রোবায়োটিক উপাদান শরীরের হজম প্রক্রিয়া উন্নত করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে।
- কাতলা মাছের ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের জন্য উপকারী এবং শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
উপসংহার:
দইয়ের টক আর মসলার ঝাঁজে তৈরি "দই কাতলা" রেসিপি ভাতের বা পোলাও-এর সঙ্গে অসাধারণ লাগে। এটি হালকা, পুষ্টিকর ও সহজে হজমযোগ্য — তাই গরমের দিনে বা বিশেষ কোনো অনুষ্ঠানে এটি পরিবেশন করা যেতে পারে। স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধনে "দই কাতলা"রেসিপি হতে পারে আপনার রান্নার নতুন পছন্দ।

